বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪০

বাংলাদেশের রেল যোগাযোগে সহায়তা করছে মার্কিন প্রযুক্তি : ক্রিস্টেনসেন

ছবি : মার্কিন দূতাবাস

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের রেল যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে মার্কিন প্রযুক্তি এবং প্রকৌশল। দেশের উত্তরাঞ্চলের কয়েকটি প্রধানতম রেল স্থাপনা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

আজ ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন পার্বতীপুরে অবস্থিত বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন করেন। দেশের ভেতরে যাত্রী ও পণ্য পরিবহনে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের তৈরি লোকোমোটিভ বা ইঞ্জিনগুলো কীভাবে বাংলাদেশি টেকনিশিয়ানরা রক্ষণাবেক্ষণ করেন, তিনি তা সরেজমিনে দেখেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত পুরো কারখানাটি ঘুরে দেখেন এবং মার্কিন কোম্পানি ‘প্রোগ্রেস রেল’-এর তৈরি একটি লোকোমোটিভ পরিদর্শন করেন।

তিনি ট্রেন ইঞ্জিনগুলো চালু ও সচল রাখার দায়িত্বে থাকা বাংলাদেশি রেল পেশাজীবীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাজের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।

এরপর রাষ্ট্রদূত ট্রেনে চড়ে সৈয়দপুরে যান। সেখানে তিনি সাধারণ ট্রেনযাত্রীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি ঐতিহাসিক সৈয়দপুর রেলওয়ে কারখানা ও জাদুঘর পরিদর্শন করেন।

দূতাবাস জানায়, বাংলাদেশ রেলওয়ে কর্তৃক প্রোগ্রেস রেলের ৪০টি লোকোমোটিভ কেনাই প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্রের রপ্তানি ও প্রযুক্তি কীভাবে বাংলাদেশের অবকাঠামো এবং উন্নয়নমূলক অগ্রাধিকারগুলোতে ভূমিকা রাখতে পারে।

দূতাবাস আরো জানায়, রাষ্ট্রদূতের এই সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের ‘বাস্তব ও দীর্ঘস্থায়ী’ গুরুত্বকেই তুলে ধরেছে।