শিরোনাম

রাঙ্গামাটি, ১ সেপ্টেম্বর ২০২৬ (বাসস): জেলার বাঘাইছড়ি উপজেলায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানকালে অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
জব্দকৃত প্রায় ১৮৫ দশমিক ৯৪ ঘনফুট সেগুন কাঠের বাজার মূল্য আনুমানিক আট লাখ ৩৬ হাজার ৭৩০ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার সকালে বিজিবি’র মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) মারিশ্যা রূপকারী ইউনিয়নের বড়াদম এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল এসব অবৈধ সেগুন কাঠ জব্দ করে। জব্দকৃত সেগুন কাঠের পরিমান প্রায় ১৮৫ দশমিক ৯৪ ঘনফুট এবং এর বাজার মূল্য আনুমানিক আট লাখ ৩৬ হাজার ৭৩০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।