শিরোনাম

চুয়াডাঙ্গা, ১ সেপ্টেম্বর ২০২৬ (বাসস): জেলার দামুড়হুদা উপজেলায় আজ খাদ্যপণ্যে অননুমোদিত রং ও শিল্প লবণের ব্যবহারের দায়ে দু’টি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দর্শনা বাজার এলাকায় তদারকিমূলক অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানকালে বৈধ ট্রেড লাইসেন্স ও স্যানিটারি লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, ক্ষতিকর অননুমোদিত রং ও শিল্প লবণের ব্যবহার করে খাদ্য প্রস্তুত করায় মেসার্স রিমি ফুডের মালিক জামাল মিয়াকে ১০ হাজার টাকা এবং মুসলিম ফাস্ট ফুড অ্যান্ড বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অভিযুক্ত বেকারিগুলোকে দ্রুত সময়ের মধ্যে স্যানিটারি লাইসেন্স সহ যাবতীয় কাগজপত্র হালনাগাদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
এ সময় দামুড়হুদা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলী, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।