বাসস
  ২৯ আগস্ট ২০২৬, ১১:৫৯

আলফাডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুর, ২৯ আগস্ট, ২০২৬ (বাসস) : ফরিদপুরের আলফাডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে মো. ফাহিম মুন্সি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার টগরবন্দ ইউনিয়নের টগরবন্দ উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম মুন্সি ওই গ্রামের ঠান্ডু মুন্সির ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে তার মা ও স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বসতবাড়ির উত্তর পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তার নানা মান্নান মুন্সি।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত কাশিয়ানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল বাসস’কে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।