শিরোনাম

নড়াইল, ২৮ আগস্ট, ২০২৬ (বাসস): জেলায় দু’দিনব্যাপী ‘সুলতান উৎসব’ উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক। এবার প্রতিপাদ্য-‘সংস্কৃতি চর্চাই হোক আমাদের সুন্দর আগামীর প্রেরণা’।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়দার আলী দেওয়ান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্রশিল্পী বিমানেষ বিশ্বাস, এসএম সুলতান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রভাষক অনাদী বৈরাগী, সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মূখার্জী, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা।
শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুরা ছাড়াও শিশুদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুই শতাধিক শিশু অংশগ্রহণ করে। শিশুরা তাদের রঙ তুলির আঁচড়ে শিল্পী সুলতানের আঁকা ছবি, গ্রামীণ মেলা, প্রাকৃতিক দৃশ্য, বাংলার কৃষক, শ্রমজীবী মানুষের চিত্রসহ বিভিন্ন দৃশ্য তুলে ধরে।
এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ জানান, দু’দিনব্যাপী সুলতান উৎসবে (২৮ ও ২৯ আগস্ট) শিশুদের চিত্রাঙ্কন উৎসবের পাশাপশি চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।