বাসস
  ২৮ আগস্ট ২০২৬, ১৬:২৫

রাঙামাটিতে নবগঠিত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা

ছবি : বাসস

রাঙ্গামাটি, ২৮ আগস্ট, ২০২৬ (বাসস) : নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপেন তালুকদারসহ পরিষদের সকল সদস্যদের সংবর্ধনা দিয়েছে জেলা-উপজেলা বিএনপিসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপুসহ পরিষদের সদস্যরা রাঙামাটি জেলার প্রবেশমুখ বেতবুনিয়ার গোদারপাড়ে পৌঁছালে কাউখালী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও  স্থানীয়রা তােেদর ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

পরে চেয়ারম্যান ও সদস্যদের গাড়িবহর শহরে প্রবেশ করলে মূল সড়কের বিভিন্নস্থানে সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী, সামাজিক সংগঠন ও শুভাকাক্সক্ষীরা ফুল হাতে দাঁড়িয়ে তাদের শুভেচ্ছা জানান।

পরে সড়ক পথে গাড়ি বহর নিয়ে জেলা পরিষদ চেয়ারম্যানসহ সকলে দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সাথে সাক্ষাতে মিলিত হন।

বিকেলে নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা জেলা পরিষদে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

জেলা পরিষদের নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপুকে দায়িত্বভার বুঝিয়ে দেন জেলা পরিষদের  সাবেক চেয়ারম্যান কাজল তালুকদার। 

এ সময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. রিজাউল করিমসহ পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বাসসকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাকে জেলা পরিষদের দায়িত্ব প্রদান করেছেন, আমি তা অক্ষরে অক্ষরে পালন করবো। এই অঞ্চলে বসবাসরত সকল সম্প্রদায়ের কল্যাণেই আমি কাজ করে যাব।

তিনি বলেন, জনগণের ভালোবাসা ও প্রত্যাশাকে সঙ্গে নিয়ে রাঙামাটির সার্বিক উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করাই হবে নবগঠিত পরিষদের প্রধান লক্ষ্য। নবগঠিত জেলা পরিষদকে সহযোগিতা করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।