বাসস
  ২৭ আগস্ট ২০২৬, ২১:০২

ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

চট্টগ্রাম, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে জাহিদ (৮) ও তাসিন (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাত ভাই বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার উপজেলার ১০নং সুন্দরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের একখুলিয়া গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ স্থানীয় জাহাঙ্গীর আলমের এবং তাসিন আবদুর শুক্করের ছেলে। তারা বাড়ি সংলগ্ন একখুলিয়া দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে মাদ্রাসা ছুটির পর বাড়িতে আসে জাহিদ ও তাসিন। পরে দুই বন্ধুকে নিয়ে তারা পুকুরে গোসল করতে নামেন। তাদের মধ্যে কেউই সাঁতার জানতো না। গোসলের একপর্যায়ে তারা পুকুরে ডুবে যেতে থাকলে অন্য দু’জন চিৎকার শুরু করে। বিষয়টি দেখতে পেয়ে মাদ্রাসা পরিচালক মো. ইয়াকুব পুকুরে ঝাঁপিয়ে পড়ে দুইজনকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য মো. বেলাল উদ্দিন সুমন জানান, শিশুরা সম্পর্কে চাচাত ভাই। দু’জনের বাবাই প্রবাসী। তারা দেশে ফেরার পর আগামীকাল শিশুদের মরদেহ দাফন করা হবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।