বাসস
  ২৭ আগস্ট ২০২৬, ২১:০৯

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ

ছবি : বাসস

সাতক্ষীরা, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস): বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে ৭ লক্ষাধিক টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার চান্দুড়িয়া নামক স্থান হতে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনর যন্ত্রাংশ জব্দ করে।

এ ছাড়া, ঝাউডাঙ্গা ক্যাম্পের বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ নামক স্থান হতে ৪ লাখ ৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য ৭ লাখ ৪ হাজার টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্র্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় শাড়িগুলো সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, জনস্বার্থে ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।