বাসস
  ২৭ আগস্ট ২০২৬, ২১:০০

যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার

ছবি : বাসস

যশোর, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস): জেলায় গণমাধ্যমকর্মীদের নিয়ে তথ্যের সত্যতা নিশ্চিতকরণ ও ফ্যাক্ট-চেকিং বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনা আঞ্চলিক তথ্য অফিস ও পিআইডি এই সেমিনারের আয়োজন করে। যশোর জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস এতে সহযোগিতা করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। 

তিনি বলেন, সঠিক সংবাদ পরিবেশনে ফ্যাক্ট-চেকিংয়ের কোনো বিকল্প নেই। তিনি ফ্যাক্ট-চেকিং ছাড়া কোনো সংবাদ প্রচার না করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান এবং গুজব প্রতিরোধে প্রতিরোধমূলক পদক্ষেপের ওপর গুরুত্ব দেন।

খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. মেহেদী হাসানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খান মাসুম বিল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুন্না বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. রেজাউল করিম।

সেমিনারে যশোর প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ নেন।