বাসস
  ২৭ আগস্ট ২০২৬, ২০:৫৩

গোপালগঞ্জে নকল বিড়ির কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জ, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস): জেলার কাশিয়ানীতে নকল ব্যান্ডরোলযুক্ত সজীব ও সোনালী ব্র্যান্ডের বিড়ি তৈরি ও বাজারজাতের অভিযোগে একটি গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় নকল বিড়ি ও বিড়ি তৈরির বিভিন্ন কাঁচামাল জব্দ করা হয়। এ ঘটনায় কারখানার মালিকর স্ত্রীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শংকরপাশা এলাকায় এ অভিযান পরিচালনা করেন কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা লিজা।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা লিজা জানান, উপজেলার শংকরপাশা এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি তৈরি করে বাজারজাত করে আসছে। 

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বিড়ি ও বিড়ি তৈরির কাঁচামাল জব্দ করা হয়। এ সময় গোডাউন থেকে দুই লক্ষাধিক টাকার নকল বিড়ি এবং বিড়ি তৈরির বিভিন্ন কাঁচামাল জব্দ করা হয়। 

নকল বিড়ি তৈরি ও ভুয়া ঠিকানা ব্যবহারের অভিযোগে কারখানার মালিক আবু সাইদের স্ত্রী শাকিরা বেগমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জব্দ করা বিপুল পরিমাণ নকল বিড়ি ও বিড়ি তৈরির কাঁচামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।