বাসস
  ২৭ আগস্ট ২০২৬, ২০:৩৭

গবেষণাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ঢাবির ৬২ গবেষককে সম্মাননা প্রদান

ছবি : বাসস

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমানতা বৃদ্ধি এবং গবেষণাক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের ৬২ জন গবেষককে সম্মাননা দেওয়া হয়েছে।

আজ (বৃহস্পতিবার) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেওয়া হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য  (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী এবং ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ সম্মাননাপ্রাপ্তদের পক্ষ থেকে বক্তব্য দেন। 
উপাচার্য ড. ওবায়দুল ইসলাম সম্মাননাপ্রাপ্ত শিক্ষক ও গবেষকদের অভিনন্দন জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা এবং আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে সম্মানজনক পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, শুধু সরকারি অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এজন্য বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ও ইন্ডাস্ট্রির সহযোগিতা প্রয়োজন।

শিক্ষা ও গবেষণার উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, ২০ বছর মেয়াদি একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান প্রণয়নের কাজ চলছে। গবেষণার জন্য ১ হাজার কোটি টাকা এবং শিক্ষার্থীদের কল্যাণে ১ হাজার কোটি টাকার ফান্ড গঠনের লক্ষ্যে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক উন্নয়ন এবং অ্যালামনাই নেটওয়ার্কিং জোরদারের প্রচেষ্টা চালানো হচ্ছে। 

অধ্যাপক এ বি এম ওবায়দুল আরও বলেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থার সঙ্গে ‘ল্যাব টু ল্যাব’ এবং ‘রিসার্চার টু রিসার্চার’ কার্যক্রম গ্রহণের মাধ্যমে আমরা গবেষণা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে চাই। এক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করার জন্য তিনি শিক্ষক ও গবেষকদের প্রতি আহ্বান জানান।