বাসস
  ২৭ আগস্ট ২০২৬, ২০:৩৫

‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আয়োজিত ‘ঢাকা দিবস ২০২৬-হৃদয়ে ঢাকা’ উদযাপন উপলক্ষে আগামীকাল বিকেলে অনুষ্ঠেয় শোভাযাত্রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালক, বিএনসিসি, রোভার স্কাউটস, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণ থাকবে।

উল্লেখ্য, ঢাকা দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শোভাযাত্রায় ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে বিভিন্ন ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক উপকরণ প্রদর্শনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে বড় আকারের স্টিমার, বাকরখানি, জিলাপি, ঘুড়ি ও নাটাইয়ের প্রতিকৃতি প্রদর্শন করা হবে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগের শিল্পী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।

শোভাযাত্রাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে-বাহাদুর শাহ পার্ক, কোর্ট চত্বর, রায়সাহেব বাজার, গুলিস্তান জিরো পয়েন্ট ও শিক্ষা ভবনের পাশ দিয়ে নগর ভবনে গিয়ে শেষ হবে। শোভাযাত্রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকে আকর্ষণীয়, ঐতিহ্যনির্ভর ও তাৎপর্যপূর্ণ করে তুলতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।