বাসস
  ২২ আগস্ট ২০২৬, ২০:০২

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়েছে

ঢাকা, ২২ আগস্ট, ২০২৬ (বাসস) : গত ১৯ আগস্ট কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ আজ দেশে আনা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, স্থানীয় কর্তৃপক্ষ ও নিহতদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন মরদেহগুলো দেশে ফেরত আনার ব্যবস্থা করে।

সাতক্ষীরার এস এম আলিমুজ্জামানের মরদেহ সকালে ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে দেশে আনা হয় এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

কুষ্টিয়ার দেবাশীষ দত্ত এবং তার পরিবারের তিন সদস্য আফসানা শারমিন, শর্ণশীষ দত্ত এবং মো. আকরাম আলীর মরদেহ বিকেলে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে দেশে আনা হয়েছে।

ঢাকার আমিনবাজারের বাবু আহমেদের মরদেহও একই সীমান্ত দিয়ে দেশে আনা হয়েছে।

মরদেহ সংরক্ষণ ও পরিবহন এবং দেশে ফেরত আনার আনুষ্ঠানিকতা সম্পন্ন করাসহ পুরো প্রক্রিয়ায় শোকসন্তপ্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দিয়েছে বাংলাদেশের উপ-হাইকমিশন। 

অগ্নিকাণ্ডে প্রাণ হারানো আরেক বাংলাদেশি সাতক্ষীরার রেপতি সরকারের মরদেহ তার পরিবারের ইচ্ছা অনুযায়ী গত রাতে কলকাতায় সৎকার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৎকারের ব্যবস্থা করতেও উপ-হাইকমিশন আর্থিক ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দিয়েছে।

গত ১৯ আগস্ট কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত বাংলাদেশিসহ মোট নয়জন প্রাণ হারান।

পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানিয়েছে।