বাসস
  ১৭ আগস্ট ২০২৬, ২২:০৫

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এক হাজার শয্যায় উন্নীত করায় কৃতজ্ঞতা প্রকাশ

দিনাজপুর, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস): দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০ শয্যা থেকে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আজ সোমবার বিকেল ৪টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী এই তথ্য বাসসকে নিশ্চিত করেন।

তিনি বলেন, এ সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনের একটি পত্র আজ সোমবার দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছে।

সূত্রটি জানায়, গতকাল রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২-এর ব্যয় ব্যবস্থাপনা শাখা-৬-এর উপ-সচিব শুক্লা সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে এক হাজার শয্যায় উন্নীত করণসহ বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালু করার বিষয়টি নিশ্চিত করেন।

ওই স্মারকে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগ (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা)-এর গত ২৫ মে উল্লেখিত স্মারকের প্রেক্ষিতে এ-সংক্রান্ত যাবতীয় বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথ ভাবে প্রতি পালনের শর্তে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নিম্নোক্ত ছকে বর্ণিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের শয্যা সংখ্যা বৃদ্ধি ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালু করণে অর্থ বিভাগের সম্মতি নির্দেশ ক্রমে জ্ঞাপন করা হলো।

এদিকে সেবা প্রার্থীসহ দিনাজপুর জেলার সর্ব সাধারণ মানুষের প্রত্যাশা, শুধু হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি করলেই হবে না।

বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত রোগী দেখাসহ হাসপাতালে অন্যান্য সেবার মানও বৃদ্ধি করতে হবে। তবেই সাধারণ মানুষ এর মাধ্যমে উপকৃত হবেন।

৫০০ শয্যা থেকে এক হাজার শয্যায় উন্নীত হওয়ায় দিনাজপুরবাসী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।