শিরোনাম

চাঁদপুর, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস): জেলার শাহরাস্তিতে মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার রাতে শাহরাস্তি পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তারা হলেন, নাহিদুল ইসলাম (২০), সামীম (৩০) ও পারভেজ হোসেন শুভ (২০)।
আজ সোমবার দুপুরে শাহরাস্তি মডেল থানা পুলিশ তাদের চাঁদপুরের আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা পুলিশ জানায়, রোববার রাতে সোনাপুর গ্রামের শাহ আলম মেম্বারের বাড়ির পূর্ব পাশে সেতুর ওপর অভিযান চালানো হয়।
এ সময় মোবাইল ফোনে সাইবার অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলার অভিযোগে নাহিদুল ইসলাম, সামীম ও পারভেজ হোসেন শুভকে আটক করা হয়।
নাহিদুল ইসলাম সোনাপুর দিঘীর পাড় এলাকার সোহেল মিয়ার ছেলে, সামীম মসজিদ বাড়ি এলাকার আনোয়ার হোসেনের ছেলে এবং পারভেজ হোসেন শুভ চৌকিদার বাড়ি এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় সোমবার সকালে তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে শাহরাস্তি মডেল থানায় মামলা করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, সাইবার অ্যাপসের মাধ্যমে মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলার সময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।