বাসস
  ১৭ আগস্ট ২০২৬, ২১:২৫

লালমনিরহাটে উন্নয়ন প্রকল্পে গতি ও সেবায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ ডিসির

ছবি : বাসস

লালমনিরহাট, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস): জেলায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নে গতি আনা, কাজের গুণগত মান নিশ্চিত করা এবং সরকারি সেবা আরও দ্রুত ও স্বচ্ছভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
 
আজ সোমবার দুপুরে লালমনিরহাট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় এসব বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন, স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন, অবকাঠামো, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল মিয়া, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. আব্দুল হাকিমসহ জেলার ৭০টির বেশি সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর-সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

সভায় কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, অর্জন, প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জ তুলে ধরেন। 

এ সময় উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে আন্তঃদপ্তর সমন্বয় জোরদার এবং প্রকল্পের সুফল দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে শুধু কাজ শেষ করাই নয়, এর গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে হবে। সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে মানুষের ভোগান্তি কমিয়ে দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় জেলার সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে নিয়মিত সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।