শিরোনাম

সাতক্ষীরা, ১৭ আগস্ট ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় শাড়ি, বিস্কুট, চকলেট, দুধ, ফুসকা, সোনপাপড়ি, চা পাতা, কিসমিস, হরলিক্স, জুস, পলিথিন ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।
আজ সোমবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় ব্যাটালিয়ন সদর ও কাঁকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে। এছাড়া, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদর এর বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার সোনাবাড়িয়া বেলে পাড়া প্রাইমারি স্কুল নামক স্থান হতে ভারতীয় বিস্কুট, চকলেট, দুধ, ফুসকা, সোনপাপড়ি, চা পাতা, কিসমিস, হরলিক্স, জুস, পলিথিন এবং কসমেটিকস সামগ্রী জব্দ করে। জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক একলাখ ৩৮ হাজার ৬০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। জনস্বার্থে ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।