শিরোনাম

বাগেরহাট, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস): সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং তরুণ প্রজন্মকে দক্ষ, আধুনিক ও প্রযুক্তিবান্ধব হিসেবে গড়ে তুলতে সরকার নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে আধুনিক যোগাযোগ ও প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন জরুরি।
আজ দুপুরে বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজ মাঠে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ রবিউল আলম এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতাই উন্নয়নের প্রধান চালিকাশক্তি। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তাদের আধুনিক প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা ও কর্মমুখী দক্ষতার সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ ও অবকাঠামোকে যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের ওপর। তাই শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং তাদের দেশ গঠনের উপযোগী করে গড়ে তুলতে সরকার কাজ করছে।
বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম।
এছাড়াও সভায় কলেজের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিয়ে মন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।
এর আগে, মন্ত্রী বাগেরহাট-দশানি থেকে হেলাতলা পর্যন্ত ৩৪ কিলোমিটার সড়কের প্রশস্তকরণ ও পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন। ৭২ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে সড়কটির উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
এ সময় বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামছুল ইসলাম প্রামাণিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে, সেতুমন্ত্রী বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম ভবনে জেলা বিএনপির আয়োজিত কর্মী সমাবেশে যোগ দেন।
জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে দলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে দিনের কর্মসূচির শুরুতে মন্ত্রী বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম বাদল মোড়লের কবর জিয়ারত করেন।
পরে তিনি বাগেরহাটে একটি মেডিকেল ফাউন্ডেশনের উদ্বোধন করেন।
এ সময় লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সেতুমন্ত্রীর বাগেরহাট সফরে দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।