বাসস
  ১৭ আগস্ট ২০২৬, ২০:১১

চট্টগ্রামে তিন ঘণ্টায় ১০৯ মিমি বৃষ্টি, নিচু এলাকায় জলাবদ্ধতা

ছবি : বাসস

 চট্টগ্রাম, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস) : চট্টগ্রামে টানা ভারী বর্ষণে নগরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। 

পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার মধ্যে শেষ তিন ঘণ্টাতেই হয়েছে ১০৯ মিলিমিটার।

বৃষ্টির কারণে নগরের মুরাদপুর, শুলকবহর, জামালখান, আগ্রাবাদ ও কাতালগঞ্জসহ বেশ কিছু নিচু এলাকার সড়কে পানি জমে যায়। এতে সকালে কর্মস্থল ও নিজ নিজ গন্তব্যে বের হওয়া মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। 

বৃষ্টি বেশি থাকায় নগরের বিভিন্ন সড়কে যানবাহনের গতি কমে যায়। ফলে অনেক জায়গায় ধীরগতির কারণে যানজটের সৃষ্টি হয়। 

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া বলেন, সাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর ধীরে ধীরে তা কমে আসার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে বর্তমানে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।