বাসস
  ১৭ আগস্ট ২০২৬, ২০:০৪

দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ জাতি গঠনে বই পড়ার গুরুত্ব রয়েছে: সংস্কৃতি মন্ত্রী

আজ রাজধানীর জাতীয় গ্রন্থকেন্দ্রে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: পিআইডি

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস) : মুক্তচিন্তা, মানবিকতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ জাতি গঠনে বই পড়ার অপরিসীম গুরুত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি আজ রাজধানীর জাতীয় গ্রন্থকেন্দ্রে সরকারি গণ গ্রন্থাগারিকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষার্থীদের হাতে বইয়ের বদলে মাদক তুলে দিয়ে তাদেরকে অটোপাশ করার ব্যবস্থা কায়েম করে জাতিকে মেধাশূন্য করার অপপ্রয়াস চালানো হয়েছিল।

তিনি মাদক পরিহার করে পাঠ্যাভ্যাস গড়ে তোলার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের উপর গুরুত্ব আরোপ করেন।

মন্ত্রী, দেশব্যাপী সরকারি গ্রন্থাগারের পাশাপাশি কীভাবে আরো বেসরকারি গ্রন্থাগার নিবন্ধনের আওতায় আনা যায়, সে ব্যাপারে জাতীয় গ্রন্থাগার কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ডক্টর মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলাম।

মন্ত্রী এর আগে জাতীয় গ্রন্থকেন্দ্রের কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন।