বাসস
  ১৭ আগস্ট ২০২৬, ১৯:১৪

ফেনী সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

ফেনী, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় আজ পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা এবং চট্টগ্রামের জোরারগঞ্জে ভারতীয় সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযানকালে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রী পিস, ওষুধ, চকলেট, বিস্কুট, কসমেটিকস ও বিভিন্ন প্রকার সুগন্ধী তেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দকৃত এসব মালামালের দাম আনুমানিক ৫৫ লাখ ৪০ হাজার ৮০৫ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। 

আজ সোমবার বিজিবি’র ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার ভোরে জেলার পরশুরাম, ছাগলনাইয়া ও চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রী পিস, ওষুধ, চকলেট, বিস্কুট, কসমেটিকস ও বিভিন্ন প্রকার সুগন্ধী তেল জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের দাম আনুমানিক ৫৫ লাখ ৪০ হাজার ৮০৫ টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সীমান্তে মাদকদ্রব্যের বিস্তার ও অবৈধ অনুপ্রবেশ সহ যেকোনো অপরাধ দমনে বিজিবি সবসময় সতর্ক ও তৎপর রয়েছে।