বাসস
  ১৭ আগস্ট ২০২৬, ১৯:০৬

ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহ, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার ত্রিশাল উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে মাশরাফি (৫) ও ফারহান (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। 

আজ সোমবার দুপুর পৌঁনে ১টার দিকে ত্রিশাল উপজেলার ৬ নং ত্রিশাল ইউনিয়নের সতেরো পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু মো. মাশরাফি জেলার ত্রিশাল উপজেলার সতেরো পাড়া গ্রামের বাসিন্দা মো. আশরাফুল ইসলামের ছেলে। অন্যদিকে শিশু ফারহান একই গ্রামের তরিকুল ইসলামের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির পাশের খেলছিল দুই শিশু মাশরাফি ও ফারহান। একসময়ে তারা কাদামাখা শরীর নিয়ে পাশের পুকুরের পানিতে নেমে পড়ে। পরে শিশুদের দেখতে না পেয়ে তাদের পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে তারা একটি শিশুকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। 

স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে অপর শিশুকে উদ্ধার করেন। 

এ ঘটনায় উদ্ধারকৃত দুই শিশুকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহম্মেদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।