শিরোনাম

নেত্রকোণা, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস) : পৌর নাগরিকদের সেবাসমূহ অধিকতর সহজ ও নাগরিক ভোগান্তি নিরসনের লক্ষ্যে নেত্রকোণা পৌরসভায় ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও আধুনিক প্রযুক্তিনির্ভর ‘ই-পৌরসভা’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার দুপুরে নেত্রকোণা পৌর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবামূলক কার্যক্রমের উদ্বোধন করেন নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
প্রধান অতিথি বলেন, ম্যানুয়াল বা কাগুজে প্রক্রিয়ার ওপর নির্ভরতা কমিয়ে পৌর সেবাকে নাগরিকদের হাতের মুঠোয় পৌঁছে দিতে ডিজিটাল কার্যক্রমের বিকল্প নেই। ওয়ান স্টপ সার্ভিস ও ই-সেবার মাধ্যমে পৌরসভার সকল শাখার কার্যক্রম এক প্ল্যাটফর্মে আসবে এবং তদারকি ব্যবস্থা সহজ হবে।
এসময় তিনি শহরের ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন ও পরিচ্ছন্নতা কার্যক্রমসহ নাগরিক সেবাকে অগ্রাধিকার দিয়ে নেত্রকোণাকে একটি আধুনিক ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
নতুন চালু হওয়া ই-পৌরসভা প্ল্যাটফর্মের আওতায় পৌরবাসী অনলাইনে পৌরকর নির্ধারণ ও স্বয়ংক্রিয় নোটিশ প্রদান, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পৌরকর আদায়, বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন, নাগরিক সনদ ও প্রত্যয়নপত্র গ্রহণ এবং পানির বিলিং সংক্রান্ত পাঁচটি মূল প্রযুক্তিভিত্তিক সেবা পাবেন।
এছাড়া ‘ই-নথি’ ব্যবহারের মাধ্যমে কর্তৃপক্ষ কার্যালয়ের বাইরে অবস্থানকালেও প্রয়োজনীয় সনদে ডিজিটাল স্বাক্ষর প্রদান করতে পারবেন। ফলে নাগরিকরা মোবাইল অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনো স্থান থেকে সেবা গ্রহণ ও ফি পরিশোধের সুযোগ পাবেন, যা প্রশাসনিক স্বচ্ছতার পাশাপাশি পৌরসভার রাজস্ব বৃদ্ধি করে প্রতিষ্ঠানটিকে স্বনির্ভর করতে ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক অ্যাড.নুরুজ্জামান নুরু, পৌর প্রশাসক মুনমুন জাহান লিজা, পৌর সচিব নুরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবীর এবং জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পৌরসভা প্রাঙ্গণে একটি ফলজ বৃক্ষের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিরও সূচনা করেন।