বাসস
  ১৭ আগস্ট ২০২৬, ১৮:১৭

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ১৭২

চট্টগ্রাম, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একদিনে ১৯ হাজার ৪২০ পিস ইয়াবা, ১৩৯ কেজি ৬৫১ গ্রাম গাঁজা ও ৫৫ লিটার ৯০০ গ্রাম চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। 

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬১টি মামলা দায়ের করে ১৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, রোববার সকাল থেকে রেঞ্জের আওতাধীন ১১ জেলায় ২৪ ঘণ্টাব্যাপী এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, রেঞ্জের বিভিন্ন থানা এলাকায় মোট ২৪৩টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও চোলাই মদ উদ্ধার করা হয়। মাদক পরিবহন ও বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬১টি মামলা করা হয় এবং এসব মামলায় ১৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া মাদক-সংশ্লিষ্ট অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে আরও ৭০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ হাজার ৯০০ টাকা অর্থদণ্ডও আদায় করা হয়।