বাসস
  ১৭ আগস্ট ২০২৬, ১৮:০২

নীলফামারীতে সেচ খালে ডুবে ২ শিশুর মৃত্যু

নীলফামারী, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার ডিমলা উপজেলায় গোসল করতে নেমে তিস্তা সেচ খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলার নাউতরা ইউনিয়নের তুহিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, ডিমলা সদর ইউনিয়নের নিজপাড়া গ্রামের সেলিম ইসলামের মেয়ে সিনহা আক্তার (৪) ও একই উপজেলার নাউতরা ইউনিয়নের দক্ষিণ কাকড়া গ্রামের আবুল হোসেনের মেয়ে পাখি আক্তার (১১)। তারা সম্পর্কে খালা-ভাগনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিনহা আক্তার তার মায়ের সঙ্গে নানা বাড়ি দক্ষিণ কাকড়া গ্রামে বেড়াতে আসে। আজ সোমবার দুপুরে বাড়ির অদুরে তিস্তা সেচ খালে গোসল করতে নেমে খালা পাখি আক্তার ও সিনহা আক্তার পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পানিতে নেমে অনেক খোঁজাখুজির পর তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিৎ করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সরকার বলেন, ‘শিশু দুটিকে মৃত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করেছে। খবর পাওয়ার পর পুলিশ গিয়ে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে’।