শিরোনাম

রংপুর, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস) : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য তিন দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় (ব্লাড গ্রুপিং) কর্মসূচি শুরু হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সার্বিক তত্ত্বাবধানে এবং স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন বাঁধন-এর বেরোবি ইউনিটের সহযোগিতায় মানবিক এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। বিনামূল্যে ব্লাড গ্রুপিংয়ের এই ক্যাম্পেইন আজ থেকে শুরু হয়ে চলবে আগামী ১৯ আগস্ট পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বাঁধনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, নিজের রক্তের গ্রুপ জেনে রাখা প্রত্যেক মানুষের জন্যই জরুরি। প্রতি বছর বাঁধন শিক্ষার্থীদের নিয়ে যে মানবিক আয়োজন করে, তা সত্যিই প্রশংসনীয়।
উপাচার্য আরও বলেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি একটি সমৃদ্ধ ডাটাবেস তৈরি হচ্ছে। এর ফলে ভবিষ্যতে জরুরি প্রয়োজনে কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই নয়, বরং সাধারণ ও দরিদ্র রোগীদের জীবন বাঁচানোও অনেক সহজ হবে।
উদ্বোধনী আয়োজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন, মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. ফেরদৌস রহমান এবং মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. এ. এম. এম শাহরিয়ারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।