শিরোনাম

রাঙামাটি, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস): জেলার লংগদুতে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ সালামের (২৮) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজের একদিন পর আজ সোমবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ১৬ ঘণ্টা পর সালামের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। লাশ স্বজনদের হাতে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, গতকাল রোববার বিকেলে মাইনীমুখ বাজার থেকে নিজের ৮ বছরের ছেলে সন্তানকে নিয়ে নৌকায় করে বাড়ির উদ্দেশ্য রওনা করে সালাম। পথিমধ্যে হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাটি তলিয়ে গেলে ছেলেকে আগলে রেখে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেন তিনি।
পাশ থেকে অন্য একটি জেলের নৌকা এসে শিশুটিকে হাতে নিতেই প্রচণ্ড ঢেউয়ের কবলে গভীর পানির তলদেশে চলে যায় সালাম।
সালাম গুলাশাখালী ইউনিয়নের গুলশাখালী সোনারগাঁও এলাকার মৃত শাহাবুদ্দীনের ছেলে।
লংগদু ফায়ার সার্ভিসের কর্মকর্তা হেলাল উদ্দীন বাসসকে জানায়, ঘটনার সাথে সাথে রাঙামাটি থেকে ডুবুরি দল এসে গতকাল রোববার রাত থেকে উদ্ধার অভিযান চালায় ডুবুরি দল। আজ সোমবার সকালে লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ বাসসকে জানান, গতকাল বিকেলে কাপ্তাই হ্রদে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ যুবকের লাশ আজ সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করেছে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।