বাসস
  ১৭ আগস্ট ২০২৬, ১৭:১১

টাঙ্গাইলে অনিয়মের দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

টাঙ্গাইল, ১৭ আগস্ট ২০২৬ (বাসস): জেলায় আজ খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত, সংরক্ষণ ও বাসি খাবার বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট একলাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার দুপুরে টাঙ্গাইল শহরের বড় কালীবাড়ি রোড ও পার্ক বাজার এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, টাঙ্গাইল শহরের বড় কালীবাড়ি রোডের গোপাল মিষ্টান্ন ভাণ্ডারে উৎপাদিত দইয়ের মেয়াদের তারিখ পরিবর্তন এবং অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টান্ন উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই এলাকায় শ্রীকৃষ্ণ নিরামিষ ভোজনালয়কে খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার ও বাসি খাবার সংরক্ষণের দায়ে ২০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে আদি ইন্দুতি দই ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।