শিরোনাম

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা পর্বে মরহুমা বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, আমাদের এই বিশ্ববিদ্যালয় যার কল্যাণে আমরা পেয়েছি, বেগম খালেদা জিয়া তাঁর জন্য আমরা সবসময় দোয়া করব। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
এতে আরও বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মোশাররাফ হোসেন। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল এবং সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব শামছুল আরেফিন।
এসময় দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে নারীদের নামাজের স্থানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, জকসু প্রতিনিধি, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং অন্যরা উপস্থিত থেকে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।