বাসস
  ১৫ আগস্ট ২০২৬, ২০:৫৩

চাঁদপুরের হাজীগঞ্জে আলিগঞ্জ নামে নতুন ইউনিয়ন পরিষদ গঠন

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৫ নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদকে বিভক্ত করে ‘৩১ নং আলিগঞ্জ ইউনিয়ন পরিষদ’ নামে নতুন ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে গত ১২ আগস্ট এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মো. মমিনুল হকের ডি.ও. পত্র এবং চাঁদপুরের জেলা প্রশাসকের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের ১৬ সেপ্টেম্বর ২০১৩ তারিখের ‘ইউনিয়ন পরিষদ বিভক্তকরণ নীতিমালা’, ৯ ডিসেম্বর ২০১৪ তারিখের ‘ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সংক্রান্ত নির্দেশনা’ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১১ অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক, চাঁদপুরকে অনুরোধ করা হয়েছে।

জানা গেছে, জেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন ‘৩১নং আলিগঞ্জ ইউনিয়ন পরিষদ’ গঠনের কার্যক্রম শুরু হবে।

চিঠির অনুলিপি সংশ্লিষ্ট সংসদ সদস্য, সচিবের একান্ত সচিব, অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা এবং যুগ্মসচিব (ইউপি)-এর ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছেও পাঠানো হয়েছে।