শিরোনাম

গাইবান্ধা, ১৫ আগস্ট ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সুমাইয়া আক্তার মারুফা (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের খোলাহাটী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সুমাইয়া আক্তার মারুফা গাইবান্ধা পৌর শহরের থানাপাড়ার ছামিউল ইসলামের মেয়ে। সুমাইয়া ওই এলাকার কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের খোলাহাটী গ্রামে নানার বাড়িতে মায়ের সাথে বেড়াতে গিয়েছিল শিশু সুমাইয়া আক্তার মারুফা। শনিবার দুপুর ১২টার দিকে আরও কয়েকজনের সাথে পুকুরে গোসল করতে নামে সুমাইয়া আক্তার মারুফা।একপর্যায়ে পানিতে ডুবে যাওয়ায় সুমাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা শিশুটিকে অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানী পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।