বাসস
  ১৫ আগস্ট ২০২৬, ২০:৪৯

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১  

সাতক্ষীরা, ১৫ আগস্ট ২০২৬ (বাসস): জেলার কালিগঞ্জ উপজেলায় আজ ট্রাক চাকায় আবু রায়হান (৩০) নামের একব্যক্তি নিহত হয়েছেন। 

আজ শনিবার দুপুরে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু রায়হান জেলার শ্যামনগর উপজেলার কাটখালী গ্রামের বাসিন্দা। তিনি হ্যামকো কোম্পানির ডেলিভারীম্যান হিসেবে কর্মরত ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আবু রায়হান হ্যামকো কোম্পানির মালামাল নিয়ে ডেলিভারী ভ্যান যোগে নলতার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-শ্যামনগর সড়কে কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি দ্রুতগতির ট্রাক ডেলিভারি ভ্যানে সজোরে ধাক্কা দিলে আবু রায়হান সড়কে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে যান। 

বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।