বাসস
  ১৫ আগস্ট ২০২৬, ২০:৪৩

বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন : ভূমিমন্ত্রী মিনু

ছবি : বাসস

রাজশাহী, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস): ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবদ্দশায় গণতন্ত্র প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তিনি বাংলাদেশের মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করেছেন। রাজপথের আন্দোলন-সংগ্রামে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দেশের মানুষের কল্যাণে তিনি সবসময় কাজ করেছেন। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতবাসী করেন।’

আজ বাদ আছর রাজশাহীর সোনাদিঘি মসজিদে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে দোয়া মাহফিলে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন সঞ্চালনা করেন।

এতে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট, জয়নাল আবেদীন শিবলী, যুগ্ম-সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানা, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।