শিরোনাম

বান্দরবান, ১০ আগস্ট, ২০২৬ (বাসস): পর্যটকদের সঙ্গে অসদাচরণ ও প্রশাসনের নির্দেশনা অমান্যের অভিযোগে বান্দরবানের থানচিতে নয় দিনের ব্যবধানে তিনজন নিবন্ধিত পর্যটক গাইডকে বহিষ্কার করেছে উপজেলা প্রশাসন।
সর্বশেষ গতকাল রোববার উপজেলা প্রশাসনের এক অফিস আদেশে সাশৈথোয়াই মারমা নামে এক পর্যটক গাইডকে বহিষ্কার করা হয়।
এর আগে ২ আগস্ট একজন এবং ৬ আগস্ট আরও একজন গাইডকে বহিষ্কার করা হয়েছিল। ফলে চলতি আগস্ট মাসে এ পর্যন্ত তিনজন পর্যটক গাইড বহিষ্কারের মুখে পড়েছেন।
সর্বশেষ বহিষ্কারাদেশে বলা হয়, উপজেলা প্রশাসন কর্তৃক নিয়োগপ্রাপ্ত পর্যটক গাইড সাশৈথোয়াই মারমা, বাবা চাই অং প্রু মারমা, ওয়েলাওয়াও পাড়া, ৬ নম্বর ওয়ার্ড, থানচিÑপ্রশাসনের নিয়ম অমান্য করে পর্যটকদের সঙ্গে অসদাচরণ করেছেন। গত ৮ আগস্ট পর্যটন তথ্যসেবা কেন্দ্রের সামনে পর্যটকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল স্বাক্ষরিত অফিস আদেশে তাকে পর্যটক গাইড হিসেবে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনিক, আইনশৃঙ্খলা ও পর্যটনসংশ্লিষ্ট দপ্তর এবং সংগঠনগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে।
থানচির পাহাড়, ঝরনা, খুম, নদী ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক পর্যটক আসেন। পর্যটকদের নিরাপত্তা, সঠিক দিকনির্দেশনা এবং সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে স্থানীয় গাইডদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, গাইডদের অনিয়ম ও পর্যটকদের সঙ্গে অসদাচরণের প্রভাব শুধু সংশ্লিষ্ট ব্যক্তির ওপর সীমাবদ্ধ থাকে না; এর নেতিবাচক প্রভাব পড়ে পুরো পর্যটন খাতের ওপর। তাই গাইডদের আচরণবিধি মেনে চলা, প্রশাসনের নির্দেশনা পালন এবং পর্যটকদের প্রতি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল বাসসকে বলেন, থানচির পর্যটন খাতকে নিরাপদ, সুশৃঙ্খল ও পর্যটকবান্ধব করতে নিবন্ধিত গাইডদের নিয়মিত প্রশিক্ষণ, আচরণবিধি সম্পর্কে সচেতনতা এবং অনিয়মের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
ধারাবাহিক এই বহিষ্কারের ঘটনায় থানচির পর্যটক গাইড ব্যবস্থাপনা, গাইডদের আচরণবিধি ও দায়িত্বশীলতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।