বাসস
  ১০ আগস্ট ২০২৬, ২৩:০৭

ম্যানেজিং কমিটি কর্তৃক শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ (বাসস): বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগের বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। এ সংক্রান্ত অপতথ্য প্রচার না করতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ সোমবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০০৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে প্রতিষ্ঠিত হয়।

এনটিআরসিএ-এর কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে কীভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যালোচনা অব্যাহত রয়েছে।’

ম্যানেজিং কমিটি কর্তৃক শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুজবের কথা উল্লেখ করে তিনি বলেন, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এ বিষয়ে কোনো ধরনের অপতথ্য প্রচার না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিরপেক্ষভাবে শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে এনটিআরসিএ কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের পরীক্ষা গ্রহণ ও সুপারিশের কাজ পরিচালনা করে আসছে।

সরকার এই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও আধুনিক করার দিকেই গুরুত্ব দিচ্ছে বলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন।