শিরোনাম

যশোর, ১০ আগস্ট, ২০২৬ (বাসস): লাইসেন্সের জটিলতা ও অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে যশোরের অভয়নগর উপজেলায় একটি ক্লিনিক ও তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দিনভর উপজেলা সরকারি হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপুর উপস্থিতিতে অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সবুজ বিশ্বাস ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে আব্দুল মকিত বিশ্বাস (প্রাঃ) ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের পেশকার খায়রুজ্জামান।
লাইসেন্স মেয়াদোত্তীর্ণ থাকায় ফয়সাল ডায়াগনস্টিক ও এবি ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারকে ১৫ হাজার টাকা করে এবং লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় পপুলার মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বাসসকে বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।