শিরোনাম

খুলনা, ১০ আগস্ট, ২০২৬ (বাসস): খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগের কর্মরত ৩১ পুলিশ কর্মকর্তা ও সদস্যকে প্রশংসনীয় ও ভালো কাজের পুরস্কার প্রদান করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান।
সভায় পুলিশ কমিশনার বলেন, ট্রাফিক বিভাগের সদস্যরা নানা প্রতিকূল আবহাওয়ায় অত্যন্ত কষ্ট করে দায়িত্ব পালন করেন, তাই দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের স্বাস্থ্য ও নিরাপত্তার প্রতিও সচেতন থাকতে হবে।
তিনি বলেন, জনগণের সঙ্গে আমাদের আচরণ হবে ভদ্র ও মানবিক, তবে আইনের প্রয়োগে থাকতে হবে দৃঢ়। মানুষ রাগান্বিত হলেও পুলিশ সদস্যকে ধৈর্য ধারণ করতে হবে। মনে রাখতে হবে, আমরা একসময় সাধারণ নাগরিক ছিলাম এবং ভবিষ্যতে আবারও সাধারণ নাগরিকের জীবনেই ফিরব।
তিনি আরও বলেন, পুলিশের ভাবমূর্তি উন্নয়নের অন্যতম প্রধান উপায় হলো ভালো ব্যবহার। মানুষের সব সমস্যার সমাধান করা সম্ভব না হলেও আন্তরিকভাবে কথা বলা, তার সমস্যা শোনা এবং যথাসাধ্য সহযোগিতা করা সম্ভব। ভালো ব্যবহারের মাধ্যমে মানুষের আস্থা ও সম্মান অর্জন করা যায়।
কেএমপি কমিশনার বলেন, ভালো কাজের স্বীকৃতি ও পুরস্কার প্রদান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও প্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে গত এক মাসে প্রশংসনীয় কর্মদক্ষতার জন্য ১ জন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), ৫ জন সার্জেন্ট/টিএসআই, ৫ জন এটিএসআই এবং ২০ জন কনস্টেবলকে আর্থিক পুরস্কারে ভূষিত করা হয়।
এসময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলামসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।