শিরোনাম

বগুড়া, ১০ আগস্ট, ২০২৬ (বাসস): এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডের ৮ জেলার মধ্যে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় শীর্ষে রয়েছে বগুড়া।
এ জেলায় এবার ২৩ হাজার ৩৮৯ জন পরীক্ষার্থী পাস করেছেন। পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৪৭৮ জন।
রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
বোর্ডের ৮ জেলার মধ্যে পাসের হারে বগুড়ার পর রয়েছে জয়পুরহাট। এ জেলায় পাসের হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৮৪৭ জন। চাঁপাইনবাবগঞ্জে পাসের হার ৬৫ দশমিক ১৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১৩৮ জন।
নওগাঁয় পাসের হার ৬২ দশমিক ৪৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭৩৪ জন। রাজশাহী জেলায় পাসের হার ৬২ দশমিক ২৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৪৯ জন। নাটোরে পাসের হার ৬১ দশমিক ২৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৪ জন।
পাবনায় পাসের হার ৬০ দশমিক ৭৬ শতাংশ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৭০ জন। আর সিরাজগঞ্জে পাসের হার সবচেয়ে কম, ৫৮ দশমিক ৬৪ শতাংশ। তবে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯০৭ জন।
জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাতেও অন্য সব জেলাকে ছাড়িয়ে গেছে বগুড়া।
এ জেলার ৪ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এরপর রাজশাহীতে ২ হাজার ৯৪৯, পাবনায় ১ হাজার ৯৭০, সিরাজগঞ্জে ১ হাজার ৯০৭, নওগাঁয় ১ হাজার ৭৩৪, চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ১৩৮, নাটোরে ১ হাজার ৯৪ এবং জয়পুরহাটে ৮৪৭ জন জিপিএ-৫ পেয়েছেন।