বাসস
  ১০ আগস্ট ২০২৬, ২১:১৯

বাগেরহাটে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় পুলিশের বিশেষ চেকপোস্ট

ছবি : বাসস

বাগেরহাট, ১০ আগস্ট, ২০২৬ (বাসস): অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, অবৈধ যান চলাচল বন্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাগেরহাট-খুলনা মহাসড়কসহ জেলার বিভিন্নস্থানে বিশেষ চেকপোস্ট পরিচালনা করছে জেলা পুলিশ।

বাগেরহাট জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় থানা, গোয়েন্দা ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে এসব বিশেষ চেকপোস্ট পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার বিকেল ৪টায় বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার একটি চেকপোস্ট পরিদর্শন করেন। এ সময় তিনি নিজেও চেকপোস্টের কার্যক্রমে অংশগ্রহণ করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার চেকপোস্টে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, অবৈধ যান চলাচল বন্ধ ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।