বাসস
  ১০ আগস্ট ২০২৬, ১৯:৪৬

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম, ১০ আগস্ট, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুই লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ সময় ঘটনায় জড়িত দুই মাদক কারবারিকে আটক এবং ইয়াবা পাচারে ব্যবহৃত একটি বোট জব্দ করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা।

গতকাল রবিবার (রোববার) গভীর রাতে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙর সমুদ্র এলাকায় কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা ‘অপারেশন সমুদ্র প্রহরা’ নামে বিশেষ পরিচালনা করেন।

আজ (সোমবার) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৩টায় পতেঙ্গা বহিঃনোঙ্গরে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সন্দেহভাজন বোট পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে সেটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে আড়াই লাখ পিস ইয়াবার চালান জব্দ করা হয়।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে চক্রটি মিয়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে পাচার করছিল। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ফলে চালানটি আটক করা সম্ভব হয়েছে। জব্দকৃত ইয়াবা, বোট ও আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।