শিরোনাম

পঞ্চগড়, ১ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার আটোয়ারী উপজেলায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে সীমান্তবর্তী এলাকার জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার (মেডিকেল ক্যাম্পেইন) আয়োজন করা হয়েছে।
আজ শনিবার দিনব্যাপী আটোয়ারী উপজেলার ধামোরহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পঞ্চগড় ব্যাটেলিয়নের (১৮ বিজিবি) ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে এ চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিজিবি’র ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া।
এ সময় অন্যান্যের মধ্যে বিজিবি’র পঞ্চগড় ব্যাটেলিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের দোরগোড়ায় প্রয়োজনীয় চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বিজিবি’র পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) উদ্যোগে আটোয়ারী উপজেলার ধামোরহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। এসময়ে প্রায় পাঁচশ’জন ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
বিজিবি’র পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ১৮ বিজিবি আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো সীমান্তবর্তী এলাকার জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।