বাসস
  ০১ আগস্ট ২০২৬, ১৯:৩৪

জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

ছবি : বাসস

হাটহাজারী (চট্টগ্রাম), ১ আগস্ট, ২০২৬ (বাসস) : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে বলেছেন, বিএনপি ও সরকারের মূল আদর্শ হলো আর্তপীড়িত দুখী মানুষের সেবা করা এবং জনগণকে দেশের মূল মালিক হিসেবে বিবেচনা করে তাদের মৌলিক অধিকার বাস্তবায়ন করা।

আজ শনিবার চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার সরকার হাটস্থ গনি কমিউনিটি সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রত্যাশী’ আয়োজিত সংস্থার সংগঠিত সদস্য ও ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল তার বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমাদের দেশের প্রকৃত মালিক হচ্ছে এদেশের সাধারণ জনগণ। আমাদের প্রত্যেকের মূল দায়িত্ব হলো জনগণের সেবা সুনিশ্চিত করা।

অতীতের ত্যাগের ইতিহাস তুলে ধরে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, বিগত ১৯ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ওপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে। চরম প্রতিকূলতা ও প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়েও দলের প্রতিটি ইউনিয়ন, থানা, উপজেলা, পৌরসভা ও জেলা পর্যায়ের সদস্যরা সর্বদা দুঃখী, অসহায় ও পীড়িত মানুষের পাশে থেকে সেবা ও সহযোগিতা নিশ্চিত করেছে।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, আমাদের রাজনীতিতে কোনো বাছ-বিচার নেই। আমরা সম্মিলিতভাবে দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে প্রতিটি বাংলাদেশী নাগরিকের পাশে দাঁড়াতে চাই এবং সেবা করতে চাই।

হাটহাজারীর সাম্প্রতিক দৃশ্যমান অগ্রগতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী মীর হেলাল স্থানীয় বাসিন্দাদের কাছে প্রশ্ন রেখে বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর এই সাড়ে পাঁচ মাসে (১৬৫ দিনে) হাটহাজারীতে সাড়ে চারশ’র বেশি উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু হয়েছে, যার মধ্যে প্রায় ৩৮০টি উন্নয়ন কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বা শেষের পথে রয়েছে।

'প্রত্যাশী' সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। প্রতিমন্ত্রী পরে আনুষ্ঠানিকভাবে 'প্রত্যাশী' সংস্থার সংগঠিত সদস্য ও এলাকাভুক্ত বন্যার্ত মানুষের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন।