বাসস
  ০১ আগস্ট ২০২৬, ১৯:২৭

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু 

ময়মনসিংহ, ১ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় আজ নান্দাইল ও গফরগাঁও উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাতুল (১৯) ও বাদল মিয়া (৪৫) নামের দুইব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ শনিবার সকালে এবং দুপুরে জেলার নান্দাইল ও গফরগাঁও উপজেলায় এসব ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূূত্রে জানা যায়, শনিবার দুপুরে গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের বাগরাপাড়া গ্রামের রমিজ উদ্দিনের ছেলে রাতুল স্থানীয় একটি ফিশারিতে মাছের খাদ্য দিতে যান। এ সময় অসাবধানতাবশত ফিশারির বৈদ্যুতিক সংযোগের তারের সংস্পর্শে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাতুলকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, শনিবার সকালে নান্দাইল উপজেলার বাস্তুহারা গ্রামে পানির পাম্পের বৈদ্যুতিক সংযোগের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ফেরদৌস আলমের ছেলে বাদল মিয়া (৪৫)। এ সময় স্থানীয়রা বাদল মিয়াকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।