বাসস
  ০১ আগস্ট ২০২৬, ১৯:৩৯

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে যুবসমাজকে এগিয়ে আসতে হবে : ত্রাণমন্ত্রী

ছবি : বাসস

লালমনিরহাট, ১ আগস্ট, ২০২৬(বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে যুবসমাজকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে সীমান্ত দিয়ে অবাধে মাদক প্রবেশ করায় দেশের যুবসমাজের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আজ শনিবার দুপুরে জেলা পরিষদ হলরুমে ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে ২৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন। 

জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান। 
আসাদুল হাবিব দুলু বলেন, মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক ও রাজনৈতিক নেতৃত্ব এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি মাদক, জুয়া, ক্যাসিনো, বাল্যবিয়ে ও যৌতুকের মতো সামাজিক অপরাধ প্রতিরোধেও স্বেচ্ছাসেবীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

যুবসমাজের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘তোমাদের চোখে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। তোমরাই নতুন বাংলাদেশের হাতিয়ার। তাই মাদককে না বলতে হবে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবেই একটি মাদকমুক্ত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।’

এছাড়াও সভায় জেলা বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।