শিরোনাম

ঢাকা (দক্ষিণ), ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার কেরানীগঞ্জ উপজেলার খারাকান্দি ও দিঘিরপাড় খাল পুনঃখনন প্রকল্পে নির্ধারিত বাজেটের প্রায় অর্ধেক টাকা সাশ্রয় করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উমর ফারুক।
আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক জানান, সরকারি অর্থ মানেই জনগণের আমানত। সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা এবং নিয়মিত তদারকি থাকলে নির্ধারিত বাজেট থেকেও সাশ্রয়ী খরচে মানসম্মত কাজ শেষ করা সম্ভব। আমরা সেই চেষ্টাই করেছি। জনগণের টাকা জনগণের কাছে এবং রাষ্ট্রীয় তহবিলেই ফিরে গেছে।
ইউএনও আরও বলেন, খাল খনন কার্যক্রমের পাশাপাশি অবৈধ দখলদার উচ্ছেদসহ খালের দুই পাড়ে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা দিঘিরপাড় খাল এবং মডেল থানার রুহিতপুর ইউনিয়নের খারাকান্দি খালের নাব্যতা ফিরিয়ে আনা ও বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্প গ্রহণ করা হয়।
উক্ত প্রকল্প পরিচালনার দায়িত্বে থাকা ইউএনও উমর ফারুক স্বচ্ছ প্রক্রিয়ায় টেন্ডার আহ্বান, সরাসরি কাজের মনিটরিং এবং অনিয়ম রোধে কঠোর ভূমিকা পালন করেন। ফলে কাজ শতভাগ মানসম্মত হওয়া সত্ত্বেও মূল বাজেট থেকে প্রায় অর্ধেক পরিমাণ অর্থ বেঁচে যায়।
প্রকল্প শেষ হওয়ার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে সাশ্রয়কৃত ১ কোটি ৬৬ লাখ ৪৬ হাজার ৬৯৭ টাকা পে-অর্ডারের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, সরকারি প্রকল্পে অতিরিক্ত বরাদ্দের দাবি বা বাজেট বৃদ্ধির খবর সচরাচর দেখা গেলেও, কাজ শেষ করে উল্টো ১ কোটি ৬৬ লাখ ৪৬ হাজার ৬৯৭ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার ঘটনা ব্যতিক্রম।
এই পদক্ষেপ স্থানীয় প্রশাসনিক কর্মকাণ্ডে আরও বেশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে। সরকারি অর্থের সঠিক ব্যবহারের অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় কেরানীগঞ্জের সাধারণ মানুষ ও সুশীল সমাজের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা।