শিরোনাম

নীলফামারী, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় মশিউর রহমান ডিগ্রি কলেজের একাডেমিক ভবন ও মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ওই নির্মাণ কাজের উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (আসন-৪) রেহেনা আক্তার রানু।
উদ্বোধন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি অভিযোগ করে বলেন, জামায়াত নির্বাচন চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে। নির্বাচনের আগে ধোকাবাজি করেছে, জান্নাতের টিকিট বিক্রি করেছে। যারা স্বাধীনতার বিরোধীতা করেছিল, আসছে স্থানীয় সরকার নির্বাচনে ওই গোষ্ঠিকে প্রত্যাখ্যান করতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তৃতায় সাবেক সংসদ সদস্য ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমাদের দল বিএনপিকে আল্লাহ যদি রহমত দেন, তাহলে প্রধানমন্ত্রী যেভাবে হাল ধরেছেন, তাতে ইনশাআল্লাহ আগামী পাঁচ বছর পর দেখবেন, আমাদের দেশের আর্থসামাজিক অবস্থার একটা বিশাল পরিবর্তন হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ১৬ থেকে ১৭ ঘণ্টা নিজে কাজ করেন। সকাল ৯টার মধ্যে সচিবালয়ে যান। রাত ১১টা-১২টায় বাসায় ফেরেন। তিনি হেটে মন্ত্রণালয়ে যান। সকালবেলা চেক করেন, ৯টার মধ্যে কোন মন্ত্রী অফিসে আসলেন, কোন মন্ত্রী আসলেন না। আমাদের দেশের মানুষের জন্য এরকম লিডারশিপ দরকার।
মশিউর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সোহায়েল পারভেজের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক গোলাম মাজেদ, নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরীর তুহিনের সহধর্মিনী তামান্না ইয়াসমিন প্রমুখ।