বাসস
  ৩০ জুলাই ২০২৬, ২১:৩৭

ঠাকুরগাঁওয়ে ১৪ উদ্যোক্তার হাতে ১১ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর

ছবি: বাসস

ঠাকুরগাঁও, ৩০ জুলাই, ২০২৬ (বাসস): টেকসই ক্ষুদ্র উদ্যোগ এবং পরিবেশবান্ধব রূপান্তর প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর আয়োজনে আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও শহরের ইএসডিও প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে ১৪ জন উদ্যোক্তার হাতে মোট ১১ লাখ ২০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।

সোলার ইরিগেশন সিস্টেম ও হ্যামার মেশিন ক্রয়ের জন্য এ অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্যোক্তাদের হাতে চেক তুলে দেন ইএসডিও’র পরিচালক (প্রশাসন) অধ্যক্ষ ড. সেলিমা আখতার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধান উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়াতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সোলার ইরিগেশন ও আধুনিক হ্যামার মেশিনের ব্যবহার উদ্যোক্তাদের আরও স্বাবলম্বী করার পাশাপাশি গ্রামীণ অর্থনৈতিক রূপান্তর এবং সবুজ প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে।

অনুষ্ঠানে ইএসডিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক শ্বাশ্বত জামান, ইএসডিও’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাইস মিল সাব-সেক্টরের সুবিধাভোগী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার, উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা গড়ে তুলতে ইএসডিও’র এই সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।