বাসস
  ৩০ জুলাই ২০২৬, ২১:৪৪

সাতক্ষীরা সীমান্তে ৭ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

ছবি: বাসস

সাতক্ষীরা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস): সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তলুইগাছা, কাঁকডাঙ্গা, কুশখালী ও পদ্মশাখরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে আজ বৃহস্পতিবার এসব মালামাল জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ, মোটরসাইকেল, ইয়াবা ও উইনকোরেক্স সিরাপ। যার বাজার মূল্য ৭ লাখ ৯ হাজার ৭০০ টাকা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার চারাবাড়ি নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় ওষুধ, কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া নামক স্থান হতে ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।

এছাড়া, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার দাসপাড়া নামক স্থান থেকে ভারতীয় উইন কোরেক্স সিরাপ ও মোটরসাইকেল জব্দ করে। 

জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য ৭ লাখ ৯ হাজার ৭০০ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্র্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।