শিরোনাম

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬(বাসস): দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর আজ বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শুরু করেছেন। এই সফর দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করবে এবং আঞ্চলিক সুরক্ষা ও অর্থনৈতিক ইস্যুতে সহযোগিতা বাড়াবে বলে আশা করা হচ্ছে।
বিশেষ দূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, গর বাংলাদেশের একজন বন্ধু।
তিনি বলেন, এই সফর দুই দেশের মধ্যে বেড়ে ওঠা অংশীদারিত্বকে আরও মজবুত করবে।
রাষ্ট্রদূত বলেন, ‘দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর, আমার বন্ধু, তাকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
তিনি বলেন, এই সফর বাংলাদেশ-মার্কিন কৌশলগত সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক সুরক্ষা ও অর্থনৈতিক ইস্যুতেও সহযোগিতা জোরদার করবে।
এই সফরের আগে বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান গরের আগমনকে একটি ‘অনুসন্ধানী সফর’ হিসেবে বর্ণনা করেছেন।
তিনি বলেন, বাংলাদেশ সম্পর্কে আরও বিশদ ধারণ লাভ করাই এই সফরের মূল উদ্দেশ্য।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘তিনি বাংলাদেশকে বুঝতে চাইবেন। তিনি শুধু আমাদের সঙ্গেই নয়, আরও অনেক অংশীদারদের সঙ্গেও কথা বলবেন।’
ড. খলিলুর বলেন, মার্কিন বিশেষ দূত রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।
তিনি জানান, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীর মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্র এখনও সবচেয়ে বড় আন্তর্জাতিক দাতা দেশ।
তিনি বলেন, বাংলাদেশ-মার্কিন সম্পর্ক বহুমাত্রিক এবং দুই দেশই এই অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে আগ্রহী।