শিরোনাম

কিশোরগঞ্জ, ৩০ জুলাই, ২০২৬ (বাসস): জেলার কটিয়াদী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইয়াছিন মিয়া (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের গাংকুলপাড়া মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন মিয়া আচমিতা ইউনিয়নের ইন্দাইল চারিপাড়া গ্রামের মো. জসিম উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া বন্ধুর মোটরসাইকেল নিয়ে পুলেরঘাট বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়ে এবং ইয়াছিনের মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের ধারণা, মোটরসাইকেলের ব্রেক বা হাইড্রোলিক ব্যবস্থায় ত্রুটি থাকায় দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে বিষয়টি তদন্তের আগে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদিন বলেন, ইয়াছিন পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। তার নিজের মোটরসাইকেল ছিল না। বন্ধুর মোটরসাইকেল নিয়ে পুলেরঘাট বাজারে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে।